অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফুল নেওয়ার চেয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি। তাই সচিবদের ফুলের শুভেচ্ছা নেইনি। অতীতের সরকারতো এসব করতো। আমরাও যদি এসব করি তাহলে কেমন করে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমদিন এসেই যুগান্তরের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
রোববার দুপুরের পর তিনি আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে আসেন। এ সময় সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা ফুল দিতে চাইলে তিনি প্রত্যাখান করেন।
এরপর অফিস থেকে বেরিয়ে এনইসি সম্মেলন কক্ষে যাওয়ার পথে মন্ত্রী যুগান্তরকে বলেন, আমি ও আমরা ব্যতিক্রমী কিছু করতে চাই। এজন্য গতানুগতিকতার বাইরে চিন্তা করছি। আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই।
আসন্ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। দায়িত্ব নেয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে প্রথম মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।
আগামীর পরিকল্পনা বিষয়ে আমীর খসরু বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সবকিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।
মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি আপনারা সবাই জানি। আমি সব কিছু আগে রিভিউ করি তারপরে কথা বলি।
সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ এটা আগে রিভিউ করি তারপরে সিদ্ধান্ত। আমি প্রেস ফ্রেন্ডলি ম্যান সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।


